দুই পর্দার জনপ্রিয় অভিনেতা আহমেদ রেজা রুবেল (৫৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

আহমেদ রুবেলকে বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেতার মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। বুধবার সন্ধ্যায় নূরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন ছিল। এ প্রদর্শনীতেই যোগ দিতে যাচ্ছিলেন আহমেদ রুবেল। তিনি এ সিনেমায় অভিনয় করেছেন।
আট বছর আগে ‘পেয়ারার সুবাস’ সিনেমার কাজ শুরু হয়। শেষ হয় চার বছর আগে। মুক্তি পেতে যাচ্ছে নূরুল আলম আতিক পরিচালিত এই সিনেমা। ‘পেয়ারার সুবাস’ ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এতে আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ।

উল্লেখ্য, আহমেদ রেজা রুবেল বাংলাদেশী থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তার মাতুলালয় (নানির বাড়ি)। পিতা-মাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে, পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করতেন।
এই অভিনেতা তার কর্মজীবন শুরু করেন সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ দলের মাধ্যমে। পরবর্তীতে বাণিজ্যিক সিনেমাসহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। সিনেমায় অভিনয়ের পর টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন তিনি। হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমা জনপ্রিয়তা এনে দেয় আহমেদ রেজা রুবেলকে।




