জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা বাবুল (৬২) আর নেই। ১২ নভেম্বর রবিবার দিবাগত রাত ১২.০৫ মিনিটে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি……রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

জানা যায়, গত ৪ নভেম্বর শনিবার বিকেল ৪টার দিকে সরিষাবাড়ি পৌর শহরের স্টেশন রোড এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে যাওয়ার পথে পেছন থেকে একটা মোটরসাইকেল এসে অটোরিকশায় ধাক্কা দিলে মাথায় প্রচণ্ড আঘাত পান মোস্তফা বাবুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠিয়ে দেন।
পরে ওইদিন রাতেই জামালপুর ডায়াবেটিকস হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়। নিহত সাংবাদিক মোস্তফা বাবুল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জামালপুর জেলা সংবাদদাতা ছিলেন। আগে তিনি দৈনিক জনকণ্ঠ ও কালেরকন্ঠ পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর সেলিম বলেন, সাংবাদিক মোস্তফা বাবুল তিনি অত্যন্ত মেধাবী ও সাহসী সাংবাদিক ছিলেন। তিনি শুধু সাংবাদিক ছিলেন না তিনি একজন লেখক ও কলামিস্ট ছিলেন। আমরা একজন মেধাবী সাংবাদিককে হারিয়ে ফেললাম। সাংবাদিক মোস্তফা বাবুল এর সঙ্গে আমাদের হাজারো স্মৃতি রয়েছে। আমাদের সবসময় তিনি দিকনির্দেশনা দিয়েছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
সাংবাদিক মোস্তফা বাবুলের মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট বাকি বিল্লাহ, সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, কবি সংঘের সভাপতি তালাত মাহমুদ, সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও জামালপুরের কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।









