ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত তাপমাত্রায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের দাড়িয়াপুর নামক স্থানে ফের রেললাইন বেঁকে গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, আপ লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়েই দুই লাইনের ট্রেন চলাচল অব্যাহত রাখা হয়েছে।
তিনি জানান, সকাল পৌনে ১০টায় আপ লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস ঢাকায় যায়। এরপর সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি তীব্র গরমে সেই লাইনটি ফের বেঁকে গেছে। বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকলেও এক লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অতিরিক্ত তাপমাত্রায় একই স্থানের রেল লাইন বেঁকে কনটেইনার ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ৩০ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে শুক্রবার সন্ধ্যার পর আপ লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।









