ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে। ১৮ মার্চ শনিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, শুক্রবার রাতে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপ-পরিদর্শক (এস.আই) রোকন মিয়া বাদী হয়ে মাহিয়া মাহী ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এছাড়া মারধর, ভাঙচুর, চাঁদাদাবি ও জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি। ওই মামলায় ২৮ জনকে আসামি করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশ উপ-পুলিশ কমিশনার মো. আবু তোরাব মোহাম্মদ শামসুুদ্দিন বলেন, শুক্রবার রাতেই মামলা ২টি দায়ের করা হয়েছে। চিত্রনায়িকা মাহিয়া মাহি তার স্বামী রকিব সরকারের সঙ্গে সম্প্রতি সৌদি আরব গিয়েছেন ওমরা হজ পালন করতে। সেখান থেকে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেন। ফেসবুক লাইভে তিনি দাবি করেন, তার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান সনিরাজ কার প্যালেস নামের গাড়ির শোরুমের গেট ভেঙে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহিয়া মাহি।

এ সময় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেন মাহি। শনিবার দেশে ফিরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন বলেও জানিয়েছিলেন মাহি ও তার স্বামী রকিব।









