ভোলার বোরহানউদ্দিন উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস ও দুইটি অটোরিকশার মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এক কলেজছাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। ১৭ মার্চ শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনজুর রহমান।

নিহতরা হলেন- দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের মাতাব্বর বাড়ির কয়ছর মাতাব্বরের মেয়ে কলেজছাত্রী রিমা আক্তার (১৭), একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই গ্রামের মো. আবুল কালাম (৫৫) ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা তাদের বাড়ির সামনের সড়ক থেকে বোরাকে করে বাংলাবাজার যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস বোরাকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় তিন যাত্রী। এ ঘটনায় বোরাকের চালককে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।




