আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পিছিয়ে পড়া বাংলাদেশকে শেখ হাসিনার সরকার এগিয়ে নিয়ে এসেছে। আর বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় আন্দোলনের নামে বার বার জ্বালাও পোড়াও করেছে। ৪ মার্চ শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে শান্তি সমাবেশে তিনি ওইসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি দেশবিরোধী অনেক ষড়যন্ত্র করেছেন। তারেক রহমান লন্ডনে বসে আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে। দলটি বলেছে ১০ ডিসেম্বরের পরে দেশ খালেদার নির্দেশে চলবে। তা হয়নি। এখনো শেখ হাসিনার সরকারের নির্দেশেই দেশ চলছে।
তিনি বলেন, ষড়যন্ত্রের পথ ছেড়ে বিএনপিকে গণতন্ত্রের পথে আসতে হবে, নির্বাচনে পথে আসতে হবে। নির্বাচন ছাড়া কোনো সরকারকে ক্ষমতাচ্যুত করা যায় না। সংযম ও ধৈর্য্য ধারণ করে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের কাজ করতে আহ্বান জানান নানক।

শান্তি সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টাউন হল থেকে মোহাম্মদপুর বাসস্টান্ডের দিকে গিয়ে শেষ হয়। শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মতিউর রহমান মিয়া চাঁন। সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, সহ দপ্তর আব্দুল আওয়াল শেখ, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজিসহ স্থানীয় নেতারা।









