শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি প্রণোদনার আওতায় সমলয়ে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রাইসার ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি রবিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ধানশাইল গ্রামের কৃষক শফিকুল ইসলামের জমিতে বোরো ধান (তেজগোল্ড) এর চারা রোপণের মধ্য দিয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাস।

ওইসময় জেলা কৃষি প্রকৌশলী শিবানী রানী, ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহরিয়ার শামীমসহ অন্যান্য উপ-সহকারী কর্মকর্তাগণ, স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো ওই এলাকায় ৬০ জন কৃষকের ৫০ একর জমি রাইসার ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, সময় কম লাগায় একই সময়ে একই জাত রোপণ ও কাটার সুবিধা থাকায় সমলয় পদ্ধতিতে চারা রোপনে অধিকতর লাভবান হবে কৃষকরা। আমরা উপজেলা পর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাস বলেন, শ্রমিক সংকট থাকায় ধান লাগানোর মৌসুমে খরচ বেশী হয়। এক্ষেত্রে সময় অপচয় রোধ, অল্প সময়ে অধিক জমি রোপণের ক্ষেত্রে ব্যাপকভাবে সহযোগিতা করবে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ। তাতে কৃষকদের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে। এতে কৃষকরা অধিক লাভবান হবেন। ভবিষ্যতে এর ব্যবহার অধিকতর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।






