আমাদের কথা পরিষ্কার, হাসিনার অধীনে নির্বাচন হবে না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভোট যখনই আসে, তখনই চুরি করে। আওয়ামী লীগের চরিত্রের মধ্যে দুটো জিনিস-চুরি আর সন্ত্রাস। পরিষ্কার বলতে চাই ১৪, ১৮ তে ভোট চুরি করেছে। এখন নতুন সব বুদ্ধি দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। ইভিএম, নতুন কমিশন। আমাদের কথা পরিষ্কার। হাসিনার অধীনে নির্বাচন হবে না। এই সরকারের অধীনে নির্বাচন হবে না। পদত্যাগ করে, সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছাড়তে হবে।’ শনিবার বরিশালে বিএনপির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘সব আশা আকাঙ্ক্ষা চুরমার করে দিয়েছে আওয়ামী লীগ। সব ধ্বংস করে দিয়েছে। দেশের সমস্ত অর্জন ধ্বংস করেছে। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এরা ১৫ বছর ধরে তারা এখানে একদলীয় শাসন করতে চায়। খোলস, মোড়ক রাখতে চায় গণতন্ত্রের। হামলা আর মামলা এ দুটো তাদের বড় অস্ত্র। যাদের ওপর হামলা হলো, তাদের ওপরই মামলা করে। আব্দুর রহিম, নূরে আলম যারা মারা গেছেন। আজকে কেউ নিরাপদ নয়।’

দেশ থেকে টাকা পাচার হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সমস্ত টাকা পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে। বলে আমি কী করব। নানা সংকট, যুদ্ধ। তখন মনে ছিল না। যখন টাকা পাচার করছিলেন। বিদ্যুতে নাকি স্বয়ংসম্পূর্ণ, আতশবাজি করল। সেই বিদ্যুৎ এখন নাই। বিদ্যুতে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। কুইক রেন্টাল পাওয়ার দিয়ে চুরি করেছে। একটা জায়গা নাই, একটা ক্ষেত্র নাই চুরি করে নাই।’
উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হই। আন্দোলন শুধু বিএনপির নয়, খালেদা-তারেকের জন্য নয়। সমস্ত জাতিকে রক্ষার, অধিকার ফিরে পাওয়ার, সন্তানকে ফিরে পাওয়ার আন্দোলন। নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার হবে।’




