গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় বাসচাপায় একটি ভ্যানের তিনজন ও এক পথচারীসহ চারজন নিহত হয়েছেন। ১৫ অক্টোবর শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাছবোঝাই ভ্যানের চালক বোরহান (৪০), মাছ ব্যবসায়ী ইউনুস (৩৫) ও সোহরাব (৩২) এবং অজ্ঞাত এক পথচারী।
গাজীপুর মহানগরীর ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন জানান, চাকা নষ্ট হয়ে বলাকা পরিবহনের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।

এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী বসুমতি পরিবহনের একটি বাস মাছবোঝাই একটি ভ্যান ও দাঁড়িয়ে থাকা বলাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ওই চারজন প্রাণ হারান। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।




