ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, আগামী বছর হজ পালনে ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। ৪ অক্টোবর মঙ্গলবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর সাথে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নব-নির্বাচিত কমিটির নেতাদের সাক্ষাৎকালে এক প্রশ্নের জবাবে ওই কথা জানান তিনি।

ফরিদুল হক বলেন, সৌদি সরকারের সাথে আমাদের যতটুকু আনঅফিসিয়াল কথা হয়েছে, সেই অনুযায়ী তাদের বিষয়ে যতটুকু জেনেছি, এবার হয়তো পূর্ণ হজই হবে ইনশাআল্লাহ। গত বছর আমাদের যেটা হয়েছিল সেটা হয়তো নাও হতে পারে, এবার হয়তো রেশিও হিসেবে আমরা যতটুকু পাওয়ার ততটুকু পাব।
তিনি আরও বলেন, আর ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টিও এবার নাও থাকতে পারে। এ জিনিসটা আমরা এরই মধ্যে তাদের কাছে জানতে পেরেছি। এটা (৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনে বাধা না থাকা) যদি হয়, তাহলে আমাদের সিরিয়াল মেইনটেইন করে সহজে হয়ে যাবে।









