জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলীয় সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ এলাকা বিদ্যুৎহীন রয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। বেলা দুইটায় এই গ্রিড বিপর্যয় ঘটে ৷

এতে এই পূর্বাঞ্চলীয় গ্রিডের সাথে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায় ৷ ফলে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে ৷ তবে বিপর্যয়ের কারণ এখনো জানা যায় নি ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোড়াশাল, টঙ্গীসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে
পিজিসিবির সূত্র জানিয়েছে, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে করছে ৷ রাতের মধ্যে পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে পারে ৷

বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, বিকল্প উপায়ে তারা গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন-হাসপাতাল, সরকারি জরুরি সেবা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে গ্রিড বিপর্যয়ের কারণ ও সূত্রপাত কোথায় হয়েছে, তা জানা যায়নি। আপাতত দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করছে পিজিসিবি। ঢাকার কাছে টঙ্গী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চলে এসেছে।
রাজধানী ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক আমির কাউসার আলী বলেন, আজ বেলা ২টা ৫ মিনিট থেকেই পুরো ঢাকায় বিদ্যুৎ নেই। দ্রুত বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে পিজিসিবি।









