জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর বিকেল সাড়ে ৫টা থেকে রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবারহ চালু হয়েছে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ, কল্যাণপুর, মানিকনগরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করে সবাইকে ধৈর্য্য ধারণের অনুরোধ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিমন্ত্রী এ অনুরোধ জানিয়েছেন।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় গ্রিড ট্রিপ করার কারণে ঢাকা, চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের বড় একটি এলাকায় মঙ্গলবার দুপুর ২টা ৪মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। আকস্মিক এই সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে দেওয়া পোস্টে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, সবার অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি এবং ধৈর্য্য ধারণের অনুরোধ করছি।
মঙ্গলবার দুপুর ২টা ৪ মিনিটে জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লার আংশিক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।









