পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়ায় পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর আলম হোসেন ওরফে দেবেন আলমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। আলম হোসেন কালিকাপুর দিকশাইল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। ২৮ আগস্ট রবিবার দিবাগত রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ঝোপ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে শনিবার (২৭ আগস্ট) রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে আলম তার পুত্রবধূ স্মৃতি খাতুনকে (১৯) তার ঘরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি স্মৃতি খাতুন তার স্বামীকে (ঢাকায়) জানালে তিনি বিশ্বাস না করে উল্টো তাকেই বকাবকিসহ তালাক দেওয়ার হুমকি দেয়। লোক লজ্জার ভয়ে পরদিন সকালে স্মৃতি খাতুন বাগবাড়িয়াতে তার বাবার বাড়িতে চলে যায়। ঘটনাটি জানাজানি হলে আলম বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে পুত্রবধূ স্মৃতির পরিবারকে নানাভাবে হুমকি দেয়। এক পর্যায়ে রবিবার সন্ধ্যায় স্মৃতি তার পিতাসহ পরিবারের অন্য সদস্যদের সাথে নিয়ে ঈশ্বরদী থানায় শ্বশুর দেবেন আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাতে অভিযান চালিয়ে কালিকাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ঝোপ থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, স্মৃতি তার পিতাসহ পরিবারের অন্য সদস্যরা গত লিখিত অভিযোগ দিয়েছেন। তারই প্রেক্ষিতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত চলছে।









