চট্টগ্রামের মিরসরাইয়ে লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হন। শুক্রবার দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাইক্রোবাসে ১৩ যাত্রী ছিলেন। তারা খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে ট্রেন দুর্ঘটনায় আহত ৫ জনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তবে এদের কারো পরিচয় শনাক্ত করতে পারেনি চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, মহানগর প্রভাতী ট্রেনটি মাইক্রোবাসটিকে প্রায় ১ কিলোমিটার ঠেলে নিয়ে যায়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, মহানগর প্রভাতী ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে ওঠে যায় মাইক্রোবাস। এ সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেভেলক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাস লাইনে উঠলে দুর্ঘটনাটি ঘটে।








