বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়ালসহ ২৪টি কারিগরি কেন্দ্রের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমকে তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হচ্ছে। ২০২৫ সালের মধ্যে প্রতি উপজেলায় ১টি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী ২৮ জুলাই বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল টিটিসি ও শেরপুর সদর টিটিসিসহ দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ওই কথা বলেন। তিনি গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আয়োজিত ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এ উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দরকার একটা দক্ষ জনশক্তি গড়ে তোলা। কেননা আমাদের যুবসমাজ রয়েছে। এ ক্ষেত্রে আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে এবং আমরা তা নিচ্ছি। তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা একটু কম-বেশি হবেই। কিন্তু আমাদের নানা লোকজন রয়েছে, যারা এটা নিয়ে নানা রকম মন্তব্য এবং গুজব করে বেড়ায়। তিনি বলেন, আমি মনে করি, আমাদের তিন মাসের খাদ্য কেনার যে রিজার্ভ সেটা থাকলেই যথেষ্ট। তবে ভোগ্য পণ্য এবং খাদ্যপণ্যে পরনির্ভরশীলতা কমাতে হবে, নিজের দেশে উৎপাদন বাড়াতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে শুধু রেমিট্যান্সের ওপর নির্ভরশীল নয়, রপ্তানিনির্ভর বিদেশি মুদ্রা অর্জনের দিকে আমাদের আরো বেশি মনোযোগ দিতে হবে। আমাদের পণ্য যাতে বিদেশে রপ্তানি হয় সে জন্য পণ্যের বহুমুখীকরণ করা এবং পণ্যের জন্য নতুন নতুন বাজার আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেখানে যে পণ্যের চাহিদা সে ধরনের পণ্য বাংলাদেশে উৎপাদনের মাধ্যমে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জনের পদক্ষেপ আমরা নেব।
তিনি বলেন, আমাদের যে উর্বর জমি ও জনসংখ্যা রয়েছে তাতে উদ্যোগ নিলে আমরা পরনির্ভরশীলতা কমাতে পারি। শুধু উৎপাদন নয়, খাদ্যপণ্য সংরক্ষণ আধুনিকীকরণ করতে হবে এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পও ব্যাপকভাবে গড়ে তুলতে হবে। এতে দেশের মানুষের জন্য যেমন একটা বাজার তৈরি হবে আবার বিদেশেও আমরা রপ্তানি করতে পারব।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, পরনির্ভরশীলতা আমাদের কমাতে হবে এবং নিজেদের পায়ে নিজেরা যেন দাঁড়াতে পারি সে ব্যবস্থাটাই করতে হবে। তিনি বলেন, ‘আমাদেরকে করোনাভাইরাস মোকাবিলা করতে হয়েছে। তারই সঙ্গে শুরু হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। ফলে বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দিচ্ছে। এই যুদ্ধ অর্থহীন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে, এই যুদ্ধ শুধুমাত্র যারা অস্ত্র তৈরি করে তারাই লাভবান হচ্ছে, আর সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে।
শেখ হাসিনা আরও বলেন, এই যুদ্ধ শুধু যুদ্ধই না, তার সাথে আবার স্যাংশন। এই স্যাংশন, পাল্টাপাল্টি স্যাংশনের ফলে আজকে সারা বিশ্ব অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়েছে। উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে এবং তারা এখন বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি সাশ্রয়, খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং সে কারণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন একই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও বিএমইটির মহাপরিচালক মো. শহিদুল আলম। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, কয়েকজন সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের উর্ধতণ কর্মকর্তাসহ সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ওইসময় নবনির্মিত টিটিসিগুলোর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের আওতায় ‘১ম পর্যায়ে সারাদেশের ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনলোজি স্থাপন’ শীর্ষক প্রকল্প একনেকে অনুমোদিত হয়। বর্তমানে প্রকল্পটি ১ হাজার ৬শ ৬৭ কোটি ৭ লক্ষ ৯২ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে বাস্তবায়নাধিন রয়েছে। এ প্রকল্পের আওতায় নির্মাধীন ৪০টির মধ্যে ইতোমধ্যে ২৪টি উপজেলায় ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হওয়ায় সেগুলো উদ্বোধন করা হলো। অবশিষ্ট ১৬টির নির্মান কাজও অতি দ্রুতই সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট বিভাগ আশা করছেন।










