লক্ষাধিক দর্শক নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালে ধারণ করা হয়েছে এবারের ‘ইত্যাদি’। মঞ্চ নির্মাণ করা হয়েছে কবির ছাত্রজীবনের স্মৃতি বিজড়িত দরিরামপুর স্কুলে তারই শ্রেণীকক্ষের সামনে। জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এবং তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’র শতবর্ষ উদযাপন উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত ত্রিশালের ওই স্থানকে বেছে নেয়া হয়। এর ধারণ করা হয় ১৭ জুলাই। পুরো মাঠই ছিল দর্শকপূর্ণ।
জানা যায়, এবারের অনুষ্ঠানে একটি জনপ্রিয় নজরুল সঙ্গীত গেয়েছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও প্রিয়াংকা গোপ। সহযোগিতা করছেন আরও একদল সঙ্গীত শিল্পী। গানটির সঙ্গীতায়োজন করেছেন মেহেদি। রয়েছে জাতীয় কবির ৩টি গান ও ২টি কবিতার সমন্বয়ে সৃষ্ট একটি সঙ্গীতের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল। ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ২৯ জুলাই, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর।




