পরিচ্ছন্ন মানসিকতা পরিচ্ছন্ন বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ শেরপুর জেলা শাখার উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ৪ মার্চ শুক্রবার বিকেলে শহরের ডিসি উদ্যান প্রাঙ্গণে ওই অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি পরে তিনি আমন্ত্রিত অতিথিসহ সদস্যদের ক্লিন শপথ বাক্য পাঠ করান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্লিন আপ শেরপুর জেলা টিম পরিচ্ছন্ন শেরপুর গড়তে নিরলস প্রচেষ্টা চালানোর পাশাপাশি করেনাকালে জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণসহ লকডাউন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জেলা প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে। তিনি আরও বলেন, আমরা যত্রতত্র ময়লা ফেলা৷ বন্ধ করলেই পরিচ্ছন্ন জেলা গড়ে উঠবে। তবেই এসকল শিক্ষার্থীদের পরিচ্ছন্ন জেলা গড়ার উদ্যোগ সফল হবে। তিনি জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গজনী অবকাশসহ অন্যান্য পর্যটন কেন্দ্রে আগত দর্শনার্থীদের যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে সে স্থান সুন্দর রাখার আহবান জানান।
অনুষ্ঠানে প্রিয় অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী বলেন, ক্লিন আপ শেরপুর টিম যেমন পরিচ্ছন্ন জেলা গড়তে কাজ করছে, ঠিক তেমনই করোনাকালীন সময়ে অক্সিজেন সেবাসহ শেরপুর তথা দেশের নানা কল্যাণকর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিশ্চয় তাদের কাজ প্রশংসার দাবি রাখে। জেলা পুলিশ তাদের পাশে থাকবে এবং সার্বিকভাবে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি, ডিসিপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, জেলা পুনাকের সভাপতি, পুলিশ সুপার পত্নী কাজী মোমালিসা মারিয়া, শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্লিন আপ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও জেলা সমন্বয়ক আল আমিন রাজুর সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের এনডিসি মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার ডি.এম. সাদিক আল শাফিন ও মো. সানাউল মোর্শেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইভেন্ট শেষে ক্লিন আপ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও জেলা সমন্বয়ক আল আমিন রাজু পরিচ্ছন্ন শেরপুর জেলা গড়তে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে সবাইকে ময়লা ফেলার অনুরোধ জানান।




