প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, আগামী ডিসেম্বরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

তিনি বলেন, শিক্ষক স্বল্পতা কমাতে আসছে ডিসেম্বরের মধ্যে ৩২ হাজার ৭০০ সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। আর এই নিয়োগ সম্পন্ন হলে শিক্ষকরা আরও স্বাচ্ছন্দে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করতে পারবেন।
প্রতিমন্ত্রী একটি জ্ঞানভিত্তিক সমাজ বিকাশে কাজ করার জন্য শিক্ষা কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়জুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক ইফতেখার হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।









