ডা. জাফরুল্লাহর দেওয়া একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডা. জাফরুল্লাহ যে কথা বলেছেন তা ভিত্তিহীন। আসলে উনার বয়স হয়েছে, তাই ভুলভাল বলেন মাঝে মধ্যে। তিনি আরও বলেন, তারেক রহমান বর্তমানে দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। পুরো দল তারেক রহমানের নির্দেশনায় কাজ করছে। এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে বিভ্রান্তকর ও উল্টাপাল্টা কথাবার্তা না বলতে অনুরোধও করেছেন তিনি।

গত ২ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ একটি সভার আয়োজন করে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ার সমালোচনা করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপির গঠনতন্ত্র মেনে তারেক রহমানকে ওই দায়িত্ব দেওয়া হয়নি। ওই বক্তব্যের জবাবে ৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ীই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে আছেন। তারেক রহমান আগেও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। দলের মধ্য থেকেই তিনি ধারাবাহিকভাবে এই পদে এসেছেন। তিনি বিদেশে থেকেও সফলতার সঙ্গে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করছেন। তৃণমূল পর্যায়ে প্রতিটি নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগ রেখেছেন। এখানে নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না
মির্জা ফখরুল বলেন, জিয়ার কবর নিয়ে এখন কথা বলার কোনো মানেই হয় না। করোনার কারণে দেশে বেকারত্ব বেড়েছে। অনেক মানুষ কাজের অভাবে দিশেহারা। তার সঙ্গে ডেঙ্গুর জন্য কতজন মানুষ মারা গেলো। এসব থেকে উত্তোরণের চিন্তা না করে সরকার জিয়ার কবর নিয়ে মেতে উঠেছে। এ সরকারের ওপর এজন্যই মানুষের আস্থা নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।




