আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আমি আমার নিজ সংসদীয় এলাকার গরিব, দুঃখী ও অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে চাই। তাই প্রতি ঈদে আপনাদের কাছে চলে আসি। আমি আমার নিজস্ব তহবিল থেকে যা পেরেছি, তা নিয়েই আপনাদের মাঝে ছুটে এসেছি। তিনি শুক্রবার বিকেলে তার নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলা মুজিবশতবর্ষ মুক্তমঞ্চে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে গরিব, দুঃখী ও অসহায় মহিলাদের মাঝে নিজস্ব তহবিল থেকে ক্রয়কৃত শাড়ি, কাপড় ও মাস্ক বিতরণকালে ওইসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের কথা ভাবেন, দেশের জনগণের কথা ভাবেন। এজন্য তিনি দেশকে এবং দেশের জনগণকে অনেক কিছুই দিতে পেরেছেন এবং দিচ্ছেন। তিনি বলেন, করোনা মহামারিকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন তা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে।
এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার ৯ টি ইউনিয়নে ও নকলা পৌরসভার ২ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন। ওইসময় তার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








