শেরপুরের নকলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আলু ফসলের মাল্টিলোকেশন পারফরমেন্স যাচাইয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নারায়ণখোলা এলাকায় বিএডিসি হিমাগারের আয়োজনে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি’র প্রকল্প পরিচালক মো. আবীর হোসেন (মাবীউকৃবিপ্র)।

নকলা বিএডিসি হিমাগারের উপ-পরিচালক (টিসি) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুরের বিএডিসি হিমাগারের উপ-পরিচালক (টিসি) মো. খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, কৃষক ছামিদুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএডিসি হিমাগারের উপ সহকারি পরিচালক মো. মিজানুর রহমান।
এর আগে কৃষক ছামিদুল হকের প্রদর্শনী আলু ক্ষেত পরিদর্শন করেন অতিথিরা। ওইসময় তারা আলু ফসলের মাল্টিলোকেশন পারফরমেন্স যাচাই করে সানসাইন, আটাডো ও বারি-৩৫ এর উৎপাদনে সন্তোষ প্রকাশ করেন। বিএডিসি কর্মকর্তা ও কৃষকরা জানান, ওইসব আলুর ফলন বেশি ও দেখতে সুন্দর। এ জন্য উন্নত জাতের ওইসব আলু স্থানীয়ভাবে চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা হবে। এতে লাভবান হবেন কৃষকরা। এখানকার আলু চাষ দেখে অন্য কৃষকরা উদ্বোদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তারা।




