কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলার পাখিউড়া গ্রামে করোনায় আক্রান্তের উপসর্গ নিয়ে সাবিনা বেগম (২২) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। ১ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম। তিনি জানান, পাখিউড়া গ্রামের আব্দুর রশীদের মেয়ে সাবিনা বেগম গাজীপুরে একটি গার্মেন্টসে কাজ করতেন। জ্বর, কাশি, মাথাব্যথা নিয়ে গত ২৫ জুন গাজীপুর থেকে বাড়িতে আসেন তিনি। তার অসুস্হতার কথা তিনি এবং তার পরিবার গোপন রেখেছিল। ওই অবস্হায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

ওই খবর পাওয়ার পর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স থেকে মেডিকেল টিম গিয়ে সাবিনাসহ তার পরিবারের ৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া সাবিনার পরিবারসহ আশেপাশের ২০টি বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিকেল ৩টার দিকে স্বাস্হ্যবিধি মেনে সাবিনার মরদেহ পারিবারিক কবরস্হানে দাফন করা হয়েছে।।
এর আগে, করোনা উপসর্গ নিয়ে গত ২৬ জুন শাহিদা বেগম নামের এক নারীর মারা যান। মৃত্যুর আগে ২২ জুন শাহিদাসহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্হাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি।
এদিকে, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, জেলায় এ পর্যন্ত ১৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আর ৮৪ জন সুস্হ হয়ে উঠেছেন। তিনি আরও জানান, জেলা থেকে এ পর্যন্ত ৩ হাজার ১৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ২ হাজার ৩০৮ জনের। তারমধ্যে ১৪৩ জনের ফলাফল পজিটিভ।




