শ্যামলবাংলা ডেস্ক : কলকাতা আন্তর্জাতিক বইমেলার আদলে বাংলাদেশও প্রথমবারের জন্য আন্তর্জাতিক বইমেলার আয়োজন করতে চলেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে চলতি বছরের নভেম্বর মাসে এক সপ্তাহব্যাপী ওই আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হবে। গত ৪৪ বছর ধরে কলকাতা বইমেলার আয়োজন করে আসছে ‘পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড’। স্বভাবিক ভাবে অভিজ্ঞতাও বেশি। তাই ঢাকায় হতে যাওয়া আন্তর্জাতিক বইমেলায় তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসের উপহাইকমিশন। এবার আন্তর্জাতিক এই বইমেলায় বিদেশি প্রকাশনী সংস্থারাও তাদের স্টল নিয়ে হাজির থাকতে পারবে।
এ ব্যাপারে উপহাইকমিশনার তৌফিক হাসান জানান, ‘জেনেভায় অবস্থিত ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন (আইপিএ)-এর সাথে যোগাযোগ করে আন্তর্জাতিক বইমেলা আয়োজন করার অনুমতিও চাওয়া হয়েছে। ওই সংস্থাই আন্তর্জাতিক বইমেলার জন্য দিন নির্দিষ্ট করবে। প্রথম এই ধরনের বইমেলার আয়োজন নিয়ে আমরা অধীর আগ্রহে রয়েছি। কলকাতা বইমেলার মতোই আমাদের দেশের ক্যালেন্ডারেও এবার থেকে স্থান পাবে এ বইমেলা।’
বুক সেলার্স অ্যান্ড গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি জানান, ‘বাংলাদেশ আন্তর্জাতিক বইমেলাকে সহায়তা করার জন্য আমাদেরকে যে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই প্রমাণ করে যে কলকাতা বইমেলায় আমাদের প্রচেষ্টা কতটা প্রাণবন্ত ছিল। এটা আমাদের কাছে একটা বড় সম্মানের।’









