শ্যামলবাংলা ডেস্ক : চীনে ভয়াবহ আকার ধারণ করা লাভেলা করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ বৈঠক করে কয়েকটি জরুরি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ ফেব্রুয়ারী সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের পর মন্ত্রী ও কর্মকর্তাসহ অন্তত ২২ জনকে নিয়ে নিজের কার্যালয়ে বিশেষ ওই বৈঠক করেন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, করোনা ভাইরাস যেভাবেই হোক প্রতিরোধ করতে হবে। চীন থেকে দেশে আনা ৩১২ জনকে ১৪ দিন পর্যবেক্ষণে থাকতে হবে।
সচিব জানান, চীনের উহানে এখনও ১৭১ জন শিক্ষার্থী আছেন। শিগগিরই তাদেরকে দেশে এনে আলাদা করে রাখা হবে। কিন্তু শিক্ষার্থীদের আনতে দেশ থেকে বিমান পাঠানো যাচ্ছে না। কারণ যে বিমান পাঠানো হয়েছিল, তার পাইলট ও ক্রুদের সিঙ্গাপুরসহ অন্যান্য দেশ ভিসা দিতে চাচ্ছে না। ফলে বিমান চলাচল মন্ত্রণালয়কে চার্টার্ড বিমান নিতে বলা হয়েছে।উহান থেকে ঢাকায় যে ৪টি ফ্লাইট আসে, ওই ফ্লাইটগুলোতে খুব বেশি প্যাসেঞ্জার বহন করা হয় না। তাই ইউএস বাংলাসহ অন্যান্য এয়ারলাইনগুলো নিজেরাই এসব ফ্লাইট বন্ধ করে দেবে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আরও জানান, বাংলাদেশের যেসব প্রকল্পে উহানের শ্রমিক আছে, যারা এর মধ্যে উহান শহরে ফেরত গেছে, তাদের আর বাংলাদেশে আসতে দেয়া হবে না বলে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তাদের ওয়ার্ক পারমিট আর নবায়ন করা হবে না বলেও জানান তিনি।




