শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সবাইকে নিয়ে উন্নত ঢাকা গড়তে চাই। কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবো। আমার এ বিজয় আমি ঢাকাবাসীর জন্য উৎসর্গ করছি। ৩ জানুয়ারী রবিবার ধানমন্ডিতে নিজ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওইসব কথা বলেন তিনি।
তাপস বলেন, দায়িত্ব গ্রহণের সঙ্গে-সঙ্গে কাজ শুরু করবো। সবাই মিলে উন্নত ঢাকা গড়ার নব সূচনা করতে চাই। নগরবাসীর প্রত্যাশিত উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করবো।

ওইসময় দক্ষিণে পরাজিত বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের প্রতি সহানুভূতি জানান নবনির্বাচিত মেয়র তাপস। তিনি বলেন, বিএনপির প্রার্থী যিনি পরাজিত হয়েছেন তার প্রতি আমার সহানুভূতি ও সমবেদনা রয়েছে। আমি আশা করি, তারাও (বিএনপি) আমাদের সহযোগিতা করবে। তাদের প্রতিও শুভ কামনা রইল।
তবে হরতাল দেয়ায় ক্ষোভ প্রকাশ করে তাপস বলেন, এটা খুবই দুঃখজনক। ঢাকাবাসীর রায়ের বিরুদ্ধে হরতাল ডেকে রাজধানীকে অচল করার চেষ্টা করা হয়েছে। এটি কাম্য নয়, আমি এর নিন্দা জানাই। ঢাকাবাসীর রায়ের প্রতি তাদের সম্মান জানানো উচিত ছিল, এটাকে গ্রহণ করা উচিত ছিল। আমি খুবই মর্মাহত হয়েছি, জনগণের রায়কে এভাবে প্রত্যাখ্যান করা ঠিক হয়নি।

নবনির্বাচিত মেয়র বলেন, যে গুরুদায়িত্ব পেয়েছি, এ দায়িত্ব পালনে সদা সচেষ্ট থাকবো। কোনো অশুভ শক্তি যেন ঢাকাকে অচল করতে না পারে সেদিকে খেয়াল রাখবো। ‘ঢাকাকে উন্নত করার লক্ষ্যে অভূতপূর্ব সাড়া পাব বলে আমার বিশ্বাস ছিলো। সেই সাড়া আমি পেয়েছি। যারা ভোট দিতে এসেছেন, রায় দিয়েছেন, তাদের প্রতি রইলো বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে গণপ্রচারণার সময় যে ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগানো হয়েছে। আগামীকালের মধ্যেই তা নামিয়ে ফেলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।
নির্বাচনে বিজয়ী হওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন-এর শুকরিয়া আদায় করে শেখ ফজলে নূর তাপস বলেন, আমি এ বিজয় ঢাকাবাসীর জন্য উৎসর্গ করছি।









