শ্যামলবাংলা ডেস্ক : ভয় বা লাজুকতা যা-ই বলা হোক না কেন এটা অধিকাংশ পাখিদেরই বেশি। তবে সব পাখিদের নয়। প্রতিবেশী বুলবুলি, শালিক, দোয়েল প্রভৃতি পাখিরা সাহস দেখিয়ে আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়। মধুর ডাকে স্বার্থক করে তোলে রাঙাসকাল। কিন্তু কাঠঠোকরা (Flameback) বা কাঠকুড়ালি (Woodpecker) অর্থাৎ যারা ঠোঁট দিয়ে গাছের গায়ে আঘাত করে খাদ্য খুঁজে বেড়ায় তাদের কিছু প্রজাতি অত্যন্ত লাজুক। তার মাঝে ‘খয়রা-কাঠকুড়ালি’ অন্যতম। এরা সহজে মানুষে সামনে আসতে চায় না। পাতার আড়ালে লুকিয়ে লুকিয়ে চলাচল করে।
অন্যপাখি যেমন উড়ে এসে সহজে ডালে বসে, কাঠ-ঠোকরা বা কাঠ-কুড়ালি তা নয় কিন্তু। ডালে বসা খুব সহজ। কিন্তু গাছের খাড়া ডালে বা কাণ্ডে উঠা-নামা বা স্থির থাকা অনেক কঠিন। এ কঠিক কাজটিই সহজভাবে করতে পারে ‘খয়রা-কাঠকুড়ালি’।
‘খয়রা-কাঠকুড়ালি’ পাখির ইংরেজি নাম Rufous Woodpecker এবং বৈজ্ঞানিক নাম Micropternus brachyurus। এরা আকারে আমাদের শালিক পাখির মতো। প্রায় ২৫ সেন্টিমিটার।
‘খয়রা-কাঠকুড়ালি’ মূলত পিঁপড়েভুক। গাছের শরীরে ঘুরে বেড়ানো নানান ধরনের পিঁপড়ে সে খেয়ে থাকে। পিঁপড়েই তার প্রধান খাবার। অন্য পোকা খুবই কম খায়। ও আবার অনেক সময় পিঁপড়ের বাসার মধ্যে নিজে বাসা তৈরি করে থাকে। সুপারি বা নারকেল গাছে একধরনের পিঁপড়ের বাসা হয়। সে রকম পিঁপড়ের বাসা খুদে (খনন করে) সে তার নিজের বাসাও করে। অন্য কাঠঠোকরাদের থেকে ‘খয়রা-কাঠকুড়ালি’র বিশেষত্ব এটি।
এ পাখিটির সারাদেহ কালচে-বাদামি এবং চঞ্চু (ঠোঁট) ও পা ইস্পাত বর্ণ। ডানা, বগল ও লেজের মধ্যে রয়েছে সারি সারি আড়াআড়ি ডোরা। পুরুষ পাখিটির কানের ঢাকনিতে সিঁদুর রঙের পালক রয়েছে।



