শ্যামলবাংলা ডেস্ক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। ৪ সেপ্টেম্বর বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা যায়, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ রাষ্ট্রদূত, কানাডার উপ-রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা গণমাধ্যমকে বলেন, দেশের বর্তমান রাজনেতিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।









