শ্যামলবাংলা ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ২ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে তিনি ঢাকায় এসে পৌঁছান। ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওরা)’ সম্মেলনে যোগ দিতে তার এই সফর।

ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে বুধ ও বৃহস্পতিবার (৪ ও ৫ সেপ্টেম্বর) ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, কেনিয়া, সিশেলস, মরিশাস ও মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় ঢাকা সফর করছেন যখন ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কে জটিল টানাপোড়েন চলছে।
এর আগে গত সপ্তাহে তিনি ফ্রান্স, চীন, জাপান ও মালয়েশিয়া সফর করেন এবং ঢাকা থেকে তিনি ইন্দোনেশিয়া সফরে যাবেন।

ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফের।









