ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ অনলাইন নিউজ পোর্টাল প্রিয় ডটকমের সাবেক সহ-সম্পাদক তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুনের হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা। ২৬ মে রবিবার সকালে ঝিনাইগাতী প্রেসক্লাবের আয়োজনে শেরপুর-ঝিনাইগাতী সড়কের দু’পাশে থানা মোড়ে দেড় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন পর্যায়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃদ।
ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি এম খলিলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জিএম বাবুল, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন সোহেল, ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী টিটু, শেরপুর সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সস্পাদক হারুন-অর-রশিদ, দিনমনি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা সাংবাদিক সংস্থার সভাপতি সাংবাদিক হারুন, শিশু সাংবাদিক মোশারফ হোসাইন প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল হক মনির। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে তরুণ সাংবাদিক ফাগুনের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, অনলাইন নিউজপোর্টাল প্রিয় ডটকমের সাবেক সাব-এডিটর, তেজগাঁও কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক কাকন রেজা’র জ্যেষ্ঠ পুত্র ইহসান ইবনে রেজা ফাগুনের লাশ ২২ মে জামালপুর সদর উপজেলার নান্দিনা রানাগাছা মধ্যপাড়া রেললাইনের কাছ থেকে উদ্ধার হয়। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন ছিল।




