আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
মইনুল হোসেন প্লাবন, শেরপুর ॥ সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে এবার স্থান পেয়েছেন শেরপুরের ৩ মেধাবী ছাত্র নেতা। ১৩ মে সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে শেরপুরের সন্তান মোজাহিদুল ইসলাম সোহাগ সাংগঠনিক সম্পাদক, শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবণ সহ-সম্পাদক ও হারুন অর রশিদ উপ-আপ্যায়ন সম্পাদক পদে স্থান পেয়েছেন। এতে জেলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। ওই কমিটি ঘোষণা হওয়ার পর সোমবার সন্ধ্যায় জেলা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবণের সমর্থকরা।
জানা যায়, প্রায় এক বছর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদে নাম ঘোষিত হলেও এতদিন ঝুলে ছিল পূর্ণাঙ্গ কমিটি গঠন। অবশেষে ১৩ মে ৩০১ সদস্য বিশিষ্ট ওই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আর সেই কমিটিতে এবার স্থান পেয়েছেন শেরপুরের ৩ মেধাবী সন্তান। শ্যামলবাংলা২৪ডটকম’র অনুসন্ধানে মিলেছে তাদের শিক্ষা, পারিবারিক ও ছাত্র রাজনীতির পূর্বাপর অবস্থা।
কেন্দ্রীয় ছাত্রলীগে সাংগঠনিক সম্পাদক পদে স্থান পাওয়া মুজাহিদুল ইসলাম সোহাগ শেরপুর শহরের বাগরাকসা মহল্লার ব্যাংকার, কবি ও ছড়াকার নুরুল ইসলাম মনির ছেলে। তিনি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি থেকে এসএসসি, শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করেন। তিনি শেরপুর জেলা ছাত্রলীগের পূর্বের কমিটির সহ-সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল ছাত্রলীগের সহ-সভাপতিসহ কেন্দ্রীয় কমিটির উপ-পরিবেশ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদের সভাপতিও ছিলেন তিনি।
কেন্দ্রীয় ছাত্রলীগে সহ-সম্পাদক পদে স্থান পাওয়া শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবণ শেরপুর-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদের দৌহিত্র এবং শেরপুর পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও পৌর লেডিস ক্লাবের সভানেত্রী ও শেরপুর উইমেন্স চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শাহিনা আক্তার পারভীন দম্পতির ছেলে। তিনি আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল থেকে এসএসসি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পাস করার পর বর্তমানে আইন বিষয়ে স্নাতক শেষ বর্ষে পড়াশোনা করছেন। তিনি এর আগে দু’দফায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ছিলেন। এছাড়া ঐতিহ্যবাহী পরিবারের সন্তান শ্রাবণ স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদসহ শেরপুরের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত।
কেন্দ্রীয় ছাত্রলীগে উপ-আপ্যায়ন সম্পাদক পদে স্থান পাওয়া হারুন অর রশিদ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের আক্তার হোসেনের ছেলে। তিনি নালিতাবাড়ীর বড়–য়াজানি শহীদ হাসান হাই স্কুল থেকে এসএসসি, শহীদ নাজমুল স্মৃতি কলেজ থেকে এইচএসসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস বিষয়ে স্নাতক পাস করেন। হারুন অর রশিদ এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শ্যামলবাংলা২৪ডটকমকে তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক চেতনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করার সুযোগ পেয়েছি। সেই সুযোগকে আমরা কাজে লাগাতে চাই। চাই সকলের দোয়া ও সহযোগিতা।
এদিকে সদ্য ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী পরিষদে শেরপুরের ৩ মেধাবী সন্তানের স্থান হওয়ায় কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ ওই ৩ নেতাকে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক, সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উৎপল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব আহমেদ শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।




