স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে হালকা মটরযান শ্রমিক ইউনিয়নের সদস্য মাইক্রোবাস চালক আব্দুল আউয়ালকে রাজধানী ঢাকায় মারধরের প্রতিবাদে ও দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ মে সোমবার দুপুরে জেলা হালকা মটরযান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের শিল্পকলা একাডেমির সামনে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে জেলা হালকা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শামীম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুনের নেতৃত্বে শ্রমিকরা মিছিল সহকারে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান করেন। ওইসময় সংগঠনের উপদেষ্টা শওকত হোসেন, সহ-সভাপতি বাবুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, শ্রমিকনেতা খোকন মিয়া, আব্দুল হামিদ, উজ্জল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ মে মাইক্রোবাস চালক আব্দুল আউয়ালকে ঢাকার তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকার মা অটো মোবাইলস ওয়ার্কসপের ভিতরে মাইক্রোবাস সার্ভিসিং করার সময় লোহার রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেয় রিফাত নামে একজন। আওয়াল বর্তমানে ঢাকা পঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় তুরাগ থানায় অভিযুক্ত রিফাতসহ কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।




