শ্যামলবাংলা ডেস্ক : দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ শতাংশ অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের ছুটিকালীন সময় ও শিক্ষক সংকট নিরসনে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, সাগরকন্যা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষক সংকটে ধুকছে। পাঁচজন শিক্ষক পদের বিপরীতে স্কুলটিতে বর্তমানে প্রধান শিক্ষকসহ দুইজন কর্মরত আছেন। প্রধান শিক্ষকও সম্প্রতি ১৪ দিনের প্রশিক্ষণে ছিলেন। তাকে (প্রধান শিক্ষক) বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, দাফতরিক কাজে বেশিরভাগ সময়ে স্কুলের বাইরে থাকতে হয়। ফলে একজন সহকারী শিক্ষককে প্রায় দেড়শত শিক্ষার্থীর এই স্কুলটি সামলাতে হচ্ছে। তিনি একই সঙ্গে কীভাবে একাধিক শ্রেণির ক্লাস নেন- সে প্রশ্ন অভিভাবকদের।
এই চিত্র শুধু দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয়; একই চিত্র সারাদেশের প্রায় শতভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। নিয়মিত শিক্ষক সংকট ছাড়াও কর্মরত শিক্ষকরা নানা কারণে ছুটিতে থাকায় পাঠদান মারাত্মক বিঘ্নিত হচ্ছে। এ থেকে উত্তরণে বর্তমানে কর্মরত শিক্ষকদের ২০ শতাংশ তথা প্রায় ৭০ হাজার ‘রিজার্ভ টিচার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিষয়টি স্বীকার করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। বর্তমানে যারা প্রাথমিক স্তরের শিক্ষার্থী তাদেরকে গুণগত শিক্ষা দিতে ব্যর্থ হলে এটা অর্জন করা সম্ভব হবে না। প্রশিক্ষণ ছাড়াও শিক্ষকরা নানা ধরনের ছুটিতে থাকায় বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট থাকে। পাঠদান নিশ্চিত করতে আমরা আপদকালীন ২০ শতাংশ রিজার্ভ টিচার নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ১০ শতাংশ শিক্ষক নিয়োগ দিতে চেয়েছিলাম জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০ শতাংশ শিক্ষক নিয়োগের প্রস্তাব পাঠাতে বলেছে। পিইিডিপি-৪ (চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি) কনসালটেন্টকে প্রস্তাবনা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।’ এ প্রকল্পের মাধ্যমেই শিক্ষক নিয়োগ দেয়া হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয় শুমারি-২০১৮ এর তথ্যানুযায়ী সারাদেশে ৬৫ হাজার ৫২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে পুরাতন ৩৮ হাজার ৯১৬টি ও নতুন জাতীয়করণকৃত স্কুল ২৬ হাজার ৬১৩টি। এসব স্কুলে শিক্ষক রয়েছে তিন লাখ ৪৮ হাজার ৮৬৭ জন। এর মধ্যে পুরুষ শিক্ষক এক লাখ ২৫ হাজার ৫৭ জন ও নারী শিক্ষক দুই লাখ ২৩ হাজার ৮১০ জন। পুরতান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতকরা ৬৮ দশমিক শূন্য ২ ভাগ নারী শিক্ষক ও নতুন সরকারি স্কুলে এ হার ৫৬ দশমিক শূন্য চার ভাগ।
সরকার অবৈতনিক প্রাথমিক শিক্ষা, বিনামূল্যে বই বিতরণ, দুপুরে খাবারের ব্যবস্থা, উপবৃত্তিসহ নানা কর্মসূচি নেয়ার ফলে প্রায় শতভাগ শিশুই বিদ্যালয়ে যাচ্ছে। ঝড়ে পড়ার হার ২১ শতাংশে নেমে এসেছে। কিন্তু শিক্ষক সংকটের কারণে গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হচ্ছে না।
শিক্ষকরা জানিয়েছেন, নতুন সহকারী শিক্ষক নিয়োগের পর বাধ্যতামূলক দেড় বছরের ডিপ্লোমা ইন এডুকেশন (ডিপিএড) প্রশিক্ষণ নিতে হয়। এছাড়া শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ (টিওটি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টারসহ আরও স্বল্প মেয়াদি অনেক প্রশিক্ষণ নিতে হয়। পেশাগত দক্ষতা অর্জনে অনেক শিক্ষক বিএড, এমএডসহ নানা ধরনের কোর্স করেন। বর্তমানে পিইডিপি-৪ এর মাধ্যমে শিক্ষকদের বিদেশে স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্স করানো হচ্ছে। প্রাথমিকের শিক্ষকদের ৬৮ ভাগ নারী হওয়ায় তাদের অনেকে ছয়মাস মাতৃত্বকালীন ছুটিতে থাকেন। অন্যান্য শিক্ষকরা বিভিন্ন ছুটি ভোগ করেন। বছরে গড়ে ২৭০ দিন স্কুল খোলা থাকে। শিক্ষকের অভাবে এই সময়ের মধ্যে কোর্স শেষ করা যায় না। শিক্ষক সংকটই দেশের প্রাথমিক শিক্ষার দুর্বলতার প্রধান কারণ।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যোগ্য শিক্ষক নিয়োগে নতুন নীতিমালায় শিক্ষাগত যোগ্যতা স্নাতক করা হয়েছে। এছাড়া শিশু শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান ভীতি দূর করতে শিক্ষক নিয়োগে বিজ্ঞান বিভাগে পাস করাদের জন্য ২০ শতাংশ কোঠা নির্ধারণ করা হয়েছে। নিয়মিত শিক্ষকদের অনুপস্থিতিতে পাঠদানের জন্য ২০ শতাংশ ‘রিজার্ভ টিচার’ নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হলে শ্রেণি কক্ষে শিক্ষক সংকট থাকবে না।









