ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে গৌরীপুরের রামগোপালপুর বাজারের কাছে ওই ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। নিহতরা হলেন অটোরিকশার চালক ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের আবদুল কাদির মাস্টারের ছেলে জহিরুল ইসলাম (৩২), ফুলবাড়ীয়া উপজেলার কান্দালিয়া গ্রামের সেকান্দার আলীর ছেলে তারিকুর রহমান শ্যামল (৩০), ঈশ্বরগঞ্জের পানান গ্রামের আবু তাহেরের ছেলে কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র নাইমুর আশরাফ রিয়াদ (২২) এবং নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মরিছপুর গ্রামের আবদুল গণি মাস্টারের ছেলে এনায়েতুজ্জামান হিরু (৪৫)। আহতরা হচ্ছেন নিহত কলেজছাত্র রিয়াদের ছোট ভাই রোবায়েদ ও কেন্দুয়ার সান্দিকোনা ইউনিয়নের টিপরা গ্রামের হারুনুর রশিদ। দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজারের কাছে ময়মনসিংহগামী অটোরিকশার সঙ্গে কিশোরগঞ্জগামী ‘শ্যামল ছায়া পরিবহনের’ একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালকসহ চার জন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, ওই দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে থেমে থেমে যান চলাচল করে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় ২ অটোযাত্রীকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় বাসের বেশ কিছু যাত্রী আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয়।
এ প্রসঙ্গে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহম্মদ বলেন, ঘটনাস্থল থেকে ৪ টি লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বাস ও অটোরিকশাটি হেফাজতে নেওয়া হয়েছে।









