শ্যামলবাংলা ডেস্ক : বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার মান উন্নয়নসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকসহ নাগরিক সমাজের সদস্যদের যুক্ত করার তাগিদ দিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি ১৪ নভেম্বর সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ওই কথা বলেন।
ওইসময় তিনি বলেন, সাংবাদিক ও নাগরিক সমাজের সদস্যদের নিয়ে গঠিত ‘ওভারসাইট কমিটি’ এবার মেডিকেল ভর্তি পরীক্ষা সুষ্ঠু হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে। এবার ভর্তি পরীক্ষা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, জ্যেষ্ঠ সাংবাদিক নাইমুল ইসলাম খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।









