ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে একটি ভেজাল সেমাই কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৮ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার প্রতাবনগর গ্রামে সুবিধর সেমাই কারখানায় অভিযান চালিয়ে ওই সিলগালা করা হয়। ওই সময় ওই কারখানার মালিক স্থানীয় নিশাত চন্দ্র বর্মণের ছেলে সুঞ্জিত চন্দ্র বর্মণ (২৯) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, বিএসটিআই’র ১৫৬০ একটি ভূয়া নাম্বার দেখিয়ে সুঞ্জিত চন্দ্র দীর্ঘদিন থেকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বাজারজাত করে আসছিল। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সেমাই কারখানাটি সিলগালা ও মালিকের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা আদায় করেন। ইউএনও সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




