ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ৪ নং ওয়ার্ডে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ৩৭০ মিটার আরসিসি পাইপ ড্রেন নির্মাণকাজ উদ্বোধন করেছেন মেয়র মো. ইকরামুল হক টিটু। সড়ক, ড্রেন ও অবকাঠামো উন্নয়নসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় শুক্রবার (২৭ মে) বেলা ১১ টায় সানকিপাড়া সিনেমা হল থেকে এস এ সরকার রোড পর্যন্ত আরসিসি পাইপ ড্রেন নির্মাণ উদ্বোধন করেন মেয়র। ওইসময় তিনি বলেন, আমাদের দৃষ্টি উন্নয়নের দিকে। একটি টেকসই ও আধুনিক নগরী নির্মাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সমস্ত নগরীব্যাপী সড়ক, ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন চলমান আছে। এসব কাজ শেষ হলে নগরবাসী দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।

উদ্বোধনকালে মসিকের প্যানেল মেয়র ২ ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুর রহমান, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিল শাম্মী আক্তার মিতু, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।









