শ্যামলবাংলা ডেস্ক : জঙ্গি দমনে সারা দেশে ‘সাঁড়াশি অভিযানে’র নামে সরকারবিরোধীদের ‘দমন’ শুরু হয়েছে বলে বিএনপি যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় না দিলে বিএনপির ভয় পাওয়ার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক মাসগুলোতে দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে মুক্তমনা লেখক, অধ্যাপক, ব্লগার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মীয় নেতা ও ভিন্ন মতাবলম্বী মুসলিম খুনের প্রেক্ষাপটে জঙ্গি ধরতে শুক্রবারই সারা দেশে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, জঙ্গি দমনে সারা দেশে ‘সাঁড়াশি অভিযানে’র নামে সরকারবিরোধীদের দমন শুরু হয়েছে।
বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বুধবার বৌদ্ধ ঐতিহ্য নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক এ অভিযোগ প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মেনন বলেন, “বিএনপির মহসচিব বলেছেন, চিরুনী অভিযানে নাকি তাদের কর্মীদের ধরপাকড় করা হচ্ছে। এই সাঁড়াশি অভিযানে বিএনপি তাদের ওপর চড়াও হওয়ার ভয় করছে।
“কিন্তু বিএনপি যদি তাদের আশ্রয়-প্রশ্রয় না দেয়, তাহলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই অভিযান বিএনপির বিরুদ্ধে নয়। এটা জঙ্গিবাদের বিরুদ্ধে।”
এ সময় সব প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক ও উন্নয়ন অগ্রগতির বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন।




