শ্যামলবাংলা স্পোর্টস : শেষ জয় ছিল বিদেশ-বিভূঁইয়ের হারারে স্পোর্টস গ্রাউন্ডসে ২৫ এপ্রিল ২০১৩ সালে। এর প্রায় দেড় বছর স্বদেশের মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে জয়ের মুখ দেখলো বাংলাদেশ।
২৭ অক্টোবর সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম খেলার তৃতীয় দিনেই নিজেদের টেস্ট ইতিহাসে পঞ্চম জয়ের আনন্দ উদযাপন করলো টাইগাররা। এদিন সফরকারী জিম্বাবুয়েকে ৩ উইকেটে পরাস্ত করে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মুশফিক বাহিনী।
ঢাকা টেস্টে তাইজুল ইসলামের বোলিং রেকর্ড গড়ার দিনে বাংলাদেশের জয়টা হতে পারতো অনায়েসে-সাধ্য। কিন্তু বাংলাদেশী ব্যাটসম্যানরা তা হতে দেননি। উপরন্তু মামুলি ১০১ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে কোন রান জমা না করেই ৩ উইকেট খুইয়ে স্বাগতিক সমর্থকদের হৃদয়ের ধুকপুকানি বাড়ায় তারা।
অবশ্য শেষ পর্যন্ত কোন দুর্যোগ ঘটেনি। চতুর্থ উইকেটে জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের ৪৬ রানের অবস্থানে প্রাথমিক বিপর্যয় কাটায় বাংলাদেশ। বাকি পথটুকু বাংলাদেশকে এগিয়ে নেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমরা। রিয়াদ ২৮, সাকিব ১৫, মুশফিক ২৩ ও তাইজুল ১৫ রান করেন।
এর আগে রঙিন স্বপ্ন নিয়ে টেস্টের তৃতীয় দিন শুরু করা জিম্বাবুয়েকে ধসিয়ে দেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। প্রথম বাংলাদেশী হিসেবে এক টেস্টের এক ইনিংসে ৮ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান তিনি। ফলে জিম্বাবুয়ে তাদের দ্বিতীয় ইনিংসে ৩৫.৫ ওভারে ১১৪ রানে অলআউট হয়।
সফরকারীদের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত ছিলেন দলটির অধিনায়ক ব্রেন্ডন টেলর। ২৫ রান করেন সিকান্দার রাজা। আর এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৪০ রান করেছিল জিম্বাবুয়ে। সেই ইনিংসে সাকিব ৬ উইকেট নেন।
আর বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ৬৪, মাহমুদুল্লাহ রিয়াদের ৬৩ ও মুমিনুল হকের ৫৩ রানের ওপর ভর করে ২৫৪ রান সংগ্রহ করেছিল। সেই ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে ৫টি উইকেট নিয়েছিলেন তিনাশে পানিয়াঙ্গারা।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২৪০ (রাজা ৫১, আরভিন ৩৪; সাকিব ৬/৫৯) ও ১১৪ (সিবান্দা ১৪, চাকাবভা ১০, মাসাকাদজা ৫, রাজা ২৫, টেইলর ৪৫*, চিগুম্বুরা ০, আরভিন ১০, নিউম্বু ১, পানিয়াঙ্গারা ০, চাটারা ৪, কামুনগোজি ০; তাইজুল ৮/৩৯, শাহাদাত ১/২৫, সাকিব ১/৪৪)
বাংলাদেশ: ২৫৪ (মুশফিক ৬৪, মাহমুদুল্লাহ ৬৩, মুমিনুল ৫৩; পানিয়াঙ্গারা ৫/৫৯) ও ১০১/৭ (তামিম ০, শামসুর ০, মুমিনুল ০, মাহমুদুল্লাহ ২৮, সাকিব ১৫, মুশফিক ২৩*, শুভাগত ০, শাহাদাত ১১, তাইজুল ১৫*; চিগুম্বুরা ৪/২১, পানিয়াঙ্গারা ২/৩০, চাটারা ১/৩৪)









