শ্যামলবাংলা ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত নার্সরা। রোববার সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নার্সদের দাবি বিবেচনার আশ্বাস দিলে আন্দোলনের কর্মসূচি থেকে সরে আসার এ ঘোষণা দেয় বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজিব কুমার বিশ্বাস। তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিব কয়েকজন প্রতিনিধিকে বাসায় ডেকেছিলেন। দাবি পূরণের আশ্বাস দিয়েছেন তিনি।
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে পিএসসি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা বাতিল করে আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে এই পদে নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছিলেন নার্সরা। ৪ এপ্রিল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন নার্সদের এ দুই সংগঠনের কর্মীরা। দাবি নিয়ে সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে গত ২৮ এপ্রিল সন্ধ্যা থেকে আমরণ অনশন শুরু করে বেকার নার্সরা।
মে দিবস উপলক্ষে সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন, মিছিল ও সমাবেশের মতো কর্মসূচি শুরু করে বিভিন্ন শ্রমিক সংগঠন। এরই মধ্যে দাবি পূরণের আশ্বাসের খবর এলে আন্দোলনরত নার্সরা সেখানে উল্লাসে মেতে ওঠেন।




