স্টাফ রিপোর্টার : অপহরণের ৩ মাস পর শেরপুরের ঝিনাইগাতী থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সেইসাথে অপহারণের নায়ক আবুল হাসেম ওরফে কালা নূরানী (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। ৩ মার্চ বৃহস্পতিবার ভোরে সদর থানার এসআই খালিদের নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইগাতীর ধানশাইল এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে। একই দিন জেলা সদর হাসপাতালে স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষা ও পরে আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়। অন্যদিকে গ্রেফতারকৃত আবুল হাশিম ওরফে কালা নূরানীর জামিনের আবেদন নাকচ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সজীব জানান, গত বছরের ১৫ নবেম্বর শেরপুর সদর উপজেলার হেরুয়া এলাকার কৃষক পরিবারের মেয়ে ও স্থানীয় হেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীকে (১৪) স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে শ্রীবরদী উপজেলার চরহাবর গ্রামের আব্দুল গফুর মন্ডলের বখাটে ছেলে আবুল হাশেম ওরফে কালা নূরানীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত। ওই ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কালা নূরানীসহ ৮ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার পর থেকেই অপহৃত স্কুলছাত্রীকে নিয়ে কালা নূরানী পলাতক ছিল। অপহরণের ৩ মাস পর বৃহস্পতিবার ভোরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে তাদের উদ্ধার ও গ্রেফতার করা হয়।





