স্টাফ রিপোর্টার ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুর জেলার কবি ও ছড়াকারদের সংগঠন কবি সংঘ’র উদ্যোগে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে ওই আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সংঘ’র কার্যকরী সভাপতি, শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক, সাপ্তাহিক দশকাহনীয়ার ভারপ্রাপ্ত সম্পাদক এবং শেরপুর প্রেসকাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি সংঘ’র সহ-সভাপতি আরিফ হাসান, আইরীন আহ্মেদ লিজা, সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার, যুগ্ম-সম্পাদক আনিসুর আকন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন খান, সদস্যের মধ্যে মোহাম্মদ জুবায়ের রহমান, হাফিজুর রহমান লাভলু, খন্দকার মোস্তাফিজুল হক, মহিউদ্দিন বিন জুবায়েদ, মোঃ নাছিম তালুকদার, সালমা শেলী, শিউলী মিতু, আলিয়া আফরিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম আধার বলেন, দুঃখজনক হলেও সত্য, শেরপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। তিনি আরও বলেন, চার বছর আগে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিপত্র জারি থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না। তিনি অনতিবিলম্বে সেইসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি জানান। সভাপতির বক্তব্যে কবি তালাত মাহমুদ বলেন, শেরপুরের কবি সাহিত্যিকরা একসময় সারা ভারতবর্ষে খ্যাতি অর্জন করেছিলেন। তৎকালে শেরপুরের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ছিল। বর্তমানে শেরপুরের সাহিত্য ও সংস্কৃতির অঙ্গন শুধুমাত্র পৃষ্ঠপোষকতার অভাবে ঝিমিয়ে পড়েছে। এ অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, প্রতি মাসের শেষ শুক্রবার কবি সংঘ’র মাসিক আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হবে।




