শ্যামলবাংলা স্পোর্টস : জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-২০ দল থেকে বাদ পড়েছেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। অপরদিকে বিপিএলে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন পেসার আবু হায়দার ও নুরুল হাসান। প্রথমবারের মতো টি-২০ দলে রয়েছেন ৭ টেস্ট ও ৪ ওয়ানডে খেলা শুভাগত হোম। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ সদস্যের বাংলাদেশের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ টি-২০ দলের সঙ্গে এবারের প্রাথমিক দলে পাঁচটি পরিবর্তন রয়েছে। সদ্যোজাত মেয়ে ও স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব আল হাসান ছাড়াও চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজ খেলতে না পারা সৌম্য সরকার রয়েছেন দলে। অন্যদিকে বাদ পড়েছেন লিটন দাস, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বী ও জুবায়ের হোসেন।
চারটি টি-২০ খেলতে ১১ জানুয়ারি বাংলাদেশ আসছে জিম্বাবুয়ে। ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি চারটি ম্যাচ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, নুরুল হাসান, শুভাগত হোম, আল আমিন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার ।




