শ্যামলবাংলা ডেস্ক : ত্রাস সৃষ্টি করে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ওই অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রতিটি পৌরসভায় সন্ত্রাসের এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে, বহু জায়গা থেকে বিএনপির মেয়র পদপ্রার্থীরা জীবনের ভয়ে নির্বাচন ছেড়ে দিয়েছেন। সাতকানিয়া পৌরসভায় বিএনপির প্রার্থীর ওপর হামলা ও গুলি চালানো হয়েছে। বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হয়েছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতার করছে। এরইমধ্যে দলের ছয় হাজার নেতাকর্মীকে কারারুদ্ধ করা হয়েছে।
৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভার ভোটকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেতাকর্মীদের সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বিএনপি নেতাদের নিজ এলাকায় ভোটকেন্দ্রে যেতে ও ভোটাধিকার রক্ষার নির্দেশনা দেন।
পৌর নির্বাচনের প্রচারে বিএনপির তৈরি বিজ্ঞাপন টেলিভিশন চ্যানেল ও পত্রিকায় প্রকাশে সরকার বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সহসভাপতি এম এ তাহের, নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম ও জামাল উদ্দিন খান মিলন প্রমুখ।




