শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া গেরামারা গ্রামে ৫ ল টাকা যৌতুকের দাবীতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় গত রোববার রাতে শ্রীবরদী পৌর এলাকার চৌরাস্তা মোড় থেকে যৌতুকলোভী স্বামী কাকিলাকুড়া গেরামারা গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে জুয়েল (২৮) কে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। আটক জুয়েল আরএফএল কোম্পানীর এস.আর. হিসেবে ঢাকার সাভারে কর্মরত রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন-দীর্ঘদিন থেকেই জুয়েল তার স্ত্রীকে যৌতুকের দাবীতে মারধর করে আসছিল। গৃহবধু শাহিদা পারভিনকে যৌতুকের দাবীতে তার স্বামী কর্তৃক অমানবিক নির্যাতনের ঘটনায় তার ভাই সামিউল আরেফিন বাদী হয়ে স্বামী জুয়েল সহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরই সূত্র ধরে জুয়েলকে আটক করা হয় । ওসি এস.আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। জুয়েলকে আদালতে সোপর্দ করা হয়েছে।




