শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ট্রাকের চাপায় মারিয়া নামে চার বছর বয়সী এক শিশুর মুত্যৃ হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের তারাকান্দি এলাকায় মাটিভর্তি ট্রাকের চাপায় ওই দুর্ঘটনা ঘটে। মারিয়া স্থানীয় মারুক মিয়ার মেয়ে। ওই ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করেছে এলাকাবাসী।
জানা যায়, মারুক মিয়ার বাড়ির পাশে একটি ইটের ভাটা থেকে মাটি ভর্তি ট্রাক শহরের দিকে যাওয়ার পথে মারিয়া রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকার নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই শিশু। পরে আশপাশের লোকজন ট্রাকের চাকার নিচে থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। ওই সময় ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে শিশুর লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। ওই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




