শ্যামলবাংলা ডেস্ক : টিউশন ফি’র ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে সোমবারও রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে ও অবরোধ করে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন রাজধানীর উত্তরা, রামপুরা, শুক্রবাদ ও ধানমণ্ডিসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে এসব সড়কে কোথাও কোথাও যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের মানুষ।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে রোববারের মতো আজও সকাল থেকে রামপুরায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। অন্যদিকে রাজধানীর শুক্রবাদে সকাল থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনের সড়কের একপাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যাবনবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে। এছাড়া ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া রাজধানীর উত্তরায় সকাল থেকে বিক্ষোভ করছেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার দাবিতে গত বুধবার থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।




