আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া সামান্য ঝড়ে পৌর এলাকার শহীদ বেলাল প্লাজা সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটি ফেটে যায়। ফলে উপজেলাবাসীকে প্রায় ৩০ ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হয়েছে। এছাড়াও স্থগিত হওয়া ১৭ জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হলেও বিদ্যুৎ না থাকায় অনেক পরীক্ষার্থী প্রবেশ ওয়েব সাইট থেকে সংগ্রহ করতে না পারায় পরীক্ষায় অংশ নিতে পারেনি।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টার দিকে সামান্য ঝড়ো বাতাস ও শীলা বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যায়। এ সময় পৌর এলাকার শহীদ বেলাল প্লাজা সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটি ফেটে যায়। পরে দূর্ঘটনা এড়াতে ফেটে যাওয়া খুঁটি বাদ দিয়ে নতুন খুঁটি স্থাপন করতে শুক্রবার রাত ১০ টা বেজে যায়। গফরগাঁও বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফেটে যাওয়া খুঁটি পরিবর্তে নতুন খুঁটি স্থাপন করতে ৩/৪ ঘন্টা সময়ের বেশি লাগার কথা নয়। কিন্তু বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারনে নতুন খুঁটি স্থাপন করতে প্রায় ২৭ ঘন্টা সময় লেগে গেল। তাতেও শেষ হয়নি বিড়ম্বনা রাত ১০টার পর বিদ্যুৎ সরবরাহ চালু হলেও সামান্য কয়েক মিনিটের ব্যবধানে আবারো বিদ্যুৎ চলে যায়। পরে রাত ১টার দিকে পূনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
এ ব্যাপারে গফরগাঁও বিদ্যুৎ সরবরাহের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ জানান, একটি বৈদ্যুতিক খুঁটি পরিবর্তন করতে এতো সময় লাগার কথা নয়। তবে কি কারনে এত বেশি সময় ব্যায় করা হলো তা জেনে ব্যবস্থা নেওয়া হবে।এছাড়াও তিনি বলেন, ৬০ কিলোমিটার লম্বা লাইন চেক করে বিদ্যুৎ চালু করতে একদিন সময় লেগে গেছে।




