স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের হুইপ, শেরপুর-১ (সদর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক বলেছেন, স্কুলছাত্র শিশু রাহাত অপহরণ-হত্যা ও কলেজছাত্রী অপহরণ-গণধর্ষণসহ পরপর কয়েকটি ঘটনা শেরপুরবাসীকে বিচলিত করে তুলেছে। সেগুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে একটি ঘটনাই যেন অন্যটির জন্ম দিচ্ছে। হুইপ আতিক ১৬ আগস্ট রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপদেষ্টার বক্তব্যে ওই কথা বলেন।
তিনি ওই সভায় চাঞ্চল্যকর রাহাত হত্যায় কয়েকজনের বক্তব্যের প্রেক্ষিতে বলেন, শিশু রাহাত হত্যাসহ আলোচিত ঘটনাসমূহের দ্রুত বিচার হলে ন্যায় বিচার নিশ্চিত হবে। শেরপুরের বর্তমান ডিসি-এসপি দু’জনই সৎ ও দক্ষ। কাজেই তাদের মাধ্যমে আমরা সবসময়ই ভাল আশা করি। তবে সমাজের অপরাধমূলক সমস্যাগুলো কেবল পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর মাধ্যমেই রোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সমন্বিত প্রয়াস। কোন সমস্যা কেবল অভিযোগ আকারে উত্থাপন না করে তা সমাধানে সহযোগিতামূলক মনোভাবের বর্হিঃপ্রকাশ ঘটাতে হবে। তিনি মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক, নসিমন, ভটভটি চলাচল বন্ধে সরকারের প্রজ্ঞাপন সতর্কতা ও সাবধানতার সাথে কার্যকর করার উপর গুরুত্বারোপ করে বলেন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নতুন লাইসেন্স প্রদানসহ নবায়ন বন্ধ করে হবে। আমরা সকলকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে রয়েছি। সুন্দর ও নিরাপদ শেরপুর গড়তে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
সভায় সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম বলেন, জেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রত্যেক সদস্যই দায়িত্বশীল ও দায়িত্বশীল প্রতিষ্ঠানের প্রতিনিধি। কাজেই কেবল অভিযোগ বা সমস্যা উত্থাপনে সীমাবদ্ধ না থেকে সভায় তাদের পরামর্শ দিতে হবে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা ডিসি-এসপি বা প্রশাসনের পক্ষে এককভাবে সম্ভব নয়। কেবল সমন্বিত প্রয়াস বা টিম ওর্য়াকের মাধ্যমেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি স্কুলছাত্র রাহাত হত্যাসহ সাম্প্রতিক কিছু ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, অন্যান্য মাসের তুলনায় এ মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। তিনি আর কোন শিশুকে যেন রাহাতের পরিণতি বরণ করতে না হয় সেজন্য অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করে তা রোধ করতে হবে। সেইসাথে ওই মামলাকে পুঁজি করে পুলিশ যেন বাণিজ্য করতে না পারে, সেজন্যও বিশেষ সতর্কতার উপর গুরুত্বারোপ করে বলেন, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে পুলিশ রিপোর্ট দাখিলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। জেলা ইউপি ফোরামের সভাপতি ও ভাতশালা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি আমার এলাকায় ননদ-ভাবির চুলোচুলির একটি ঘটনাকে দু’একটি মিডিয়ায় ‘বস্ত্রহরণ’ বলে ফলাও করে প্রচার করা হয়েছে। এটি এলাকাবাসী ও পুলিশসহ প্রশাসনকে বিব্রতকর অবস্থায় ফেলেছেÑ যা সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকর বলেই মনে হচ্ছে।
জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, জেল সুপার মোঃ মুজিবুর রহমান, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, নকলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রব্বানী, চেম্বার অব কমার্স সভাপতি মোঃ মাসুদ, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, বিআরটিএ’র সহকারী পরিচালক কাজী মোঃ মুরসালিন, জেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান প্রমুখ।









