শ্যামলবাংলা ডেস্ক : বিচারাধীন বিষয়ে বিচারকের ভূমিকা নিয়ে নিবন্ধ প্রকাশ করায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছেন আদালত। শাস্তি হিসেবে তাদেরকে ১৩ আগস্ট বৃহস্পতিবার আদালত চলা পর্যন্ত সেখানে অবস্থান থাকতে হবে এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। আগামী সাত দিনের মধ্যে জরিমানার এ টাকা কোনো দাতব্য প্রতিষ্ঠানে জমা করতে হবে উভয়কে। অনাদায়ে তাদেরকে ৭ দিন কারাভোগ করতে হবে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৬ সদস্যের বৃহত্তর আপিল বেঞ্চ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বৃহত্তর ওই বেঞ্চ আগের জারি করা এক রুলের ওপর উভয় পক্ষের শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেন। মঙ্গলবার আদালতে জনকণ্ঠের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিলের রায় প্রকাশের আগে বিচারকদের কথিত ভূমিকা নিয়ে জনকণ্ঠে গত ১৬ জুলাই ‘সাকার পরিবারের তৎপরতা, পালাবার পথ কমে গেছে’ শিরোনামে একটি উপসম্পাদকীয় প্রকাশিত হয়। এর লেখক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়। উপসম্পাদকীয়-তে সাকা চৌধুরীর মামলায় আপিল বিভাগের রায় প্রদানকারী এক বিচারকের সঙ্গে সাকা পরিবারের সাক্ষাৎ হয়েছে বলে অভিযোগ করা হয়। ওই উপসম্পাদকীয়টি আদালতের নজরে এলে ২৯ জুলাই স্বতঃপ্রণোদিত হয়ে জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে রুল জারিসহ তলব করেন আদালত। তাদের ৩ আগস্ট হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের বিষয়টি ব্যাখ্যা করতে বলা হয়। পরে তাদের পক্ষে করা পৃথক আবেদনে ৯ আগস্ট রুল শুনানির জন্য নির্ধারণ করা হয়েছিল।









