স্টাফ রিপোর্টার : শেরপুরে গ্রাম্য সালিশে মহিলা মহিলায় হাতাহাতি ও চুলোচুলির একটি ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে অতিরঞ্জিত করে কোন কোন মিডিয়ায় প্রথমতঃ সালিশে গৃহবধূকে বিবস্ত্রকরণের খবর প্রকাশিত হলেও সোমবার রাতে ওই ঘটনাকেই আরও একধাপ অতিরঞ্জিত করে থানায় দেওয়া হয়েছে ধর্ষণের চেষ্টার মামলা। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থা ইতোমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রকৃত ঘটনাটি জানতে চাওয়ায় তাদেরও তৎপরতা বেড়ে গেছে। এতে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
জানা যায়, শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের আজমীর আলীর সাথে ঈদের পরদিন রাতে তার স্ত্রী শ্যামলী বেগমের ঝগড়াঝাটি হয়। ওই ঝগড়াঝাটির জন্য দায়ী করা হয় আজমীর আলীর ছোটবোন দুই সন্তানের জননী গৃহবধূ নাসিমা আক্তার (৩০) কে। ঈদে নাসিমাকে বড়ভাই আজমীর আলীর বাড়িতে রেখে পার্শ্ববর্তী পাকুরিয়া ইউনিয়নের বাদাপাড়া গ্রামের স্বামী আব্দুল কাদের চট্টগ্রামে কর্মস্থলে চলে যায়। এদিকে গৃহবধূ নাসিমার ভাই-ভাবির ঝগড়াঝাটির বিষয়ে আপোষ-মিমাংসার লক্ষ্যে শ্যামলীর ফুফা সাপমারী গ্রামের জয়নাল আবেদীন হাসির মধ্যস্থতায় ২৪ জুলাই শুক্রবার বিকেলে আজমীর আলীর বসতবাড়ির টিনের দু’চালা ঘরে এক ঘরোয়া সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে বৈঠকে বড় ভাইয়ের পে কথা বলার এক পর্যায়ে গৃহবধূ শ্যামলী ও তার ননদ নাসিমা তুমুল হাতাহাতি ও চুলোচুলিতে জড়িয়ে পড়েন। এতে নাসিমার গায়ে সালোয়ার-কামিজ ছিঁড়ে যায় এবং উভয়েই প্রায় বেবস্ত্র হয়ে পড়ে। ওই অবস্থায় শালিসে উপস্থিত থাকা শ্যামলীর আত্মীয়-স্বজনরাও বিবাদে জড়িয়ে পড়লে কোন মিমাংসা ছাড়াই সালিশ পন্ড হয়ে যায়।
ওই ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে কোন কোন মিডিয়ায় সালিশে গৃহবধূকে বিবস্ত্রকরণের খবর প্রকাশিত হলেও সোমবার রাতে শেরপুর সদর থানায় ননদ গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার একটি মামলা রেকর্ড করা হয়েছে। ওই মামলায় ভাবি শ্যামলীর আপন ফুফা জয়নাল আবেদীন হাসি (৫২) এবং ভাবির ভাই জামালপুর সদরের বন্দেরবাড়ী এলাকার মজনু মিয়ার ছেলে ভুট্টো মিয়া (৩০), নবাব আলীর ছেলে মিন্টু মিয়া (২০) ও মিঠুন মিয়া (২৫) ৪ জনকে আসামি করা হয়। সোমবার পত্রিকায় সংবাদ দেখে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিস কেন্দ্রের প থেকে শেরপুর পুলিশ প্রশাসনের কাছে ঘটনাটির বিস্তারিত জানতে চাওয়া হয়। সেইসাথে ঘটনার বিষয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের নির্দেশও দেওয়া হয়।
এদিকে সালিশে ননদ-ভাবির হাতাহাতি ও চুলোচুলির ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা এবং থানায় ধর্ষণের চেষ্টার মামলা দায়েরের ঘটনায় এলাকায় এখন ব্যাপক তোলপাড় চলছে। মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে পাওয়া যায় ভিন্ন তথ্য। ওই বৈঠকে উপস্থিত হানিফ উদ্দিন জানান, বড়ভাই আজমীরের পক্ষে কথা বলায় ভাবি শ্যামলী ননদ নাসিমার উপর ঝাপিয়ে পড়ে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও চুল টানাটানির ঘটনা ঘটে। এতে দু’জনেরই কাপড়-চোপড় কিছুটা বেসামাল হয়ে পড়লেও বিবস্ত্র হওয়ার মতো কিছু ঘটেনি। তিনি বলেন, ননদ-ভাবির হাতাহাতি ও চুল টানাটানির ঘটনায় উভয় পক্ষ বিবাদে জড়িয়ে পড়লে কোন মিমাংসা ছাড়াই সালিশ ভেঙে দেওয়া হয়।
মামলার প্রধান আসামি জয়নাল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেন, বৈঠকে ওই গৃহবধূ ও তাঁর ভাবির মধ্যে ঝগড়া হয়েছিল। গৃহবধূ তাঁর ভাবিকে লাথিও মেরেছিলেন। ধর্ষণের চেষ্টা দূরে থাক, তিনি গৃহবধূর গায়ে স্পর্শও করেনি। তুচ্ছ ঘটনাটিকে অতিরঞ্জিত করে অসৎ উদ্দেশ্যে তাকে ঘটনার সাথে জড়ানো হয়েছে। এলাকার শিক্ষক সাজ্জাক হোসেন জানান, ত্চ্ছু একটি ঘটনাকে অতিউৎসাহী দু’একটি মিডিয়ার মাধ্যমে বড় করা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, মহিলা মহিলায় চুলোচুলির ঘটনা আমাদের প্রচলিত গ্রামীণ সমাজ ব্যবস্থায় অহরহই ঘটছে। অথচ ওই ঘটনাটিকেই ‘বিবস্ত্রকরণ’ বলা হয়েছে। এলাকা ঘুরে কথা হয় আব্দুস সোবাহান, শহীদ মিয়া, শিরীনা বেগমসহ সমাজপতি, শিক্ষক, যুবকসহ বেশ কয়েকজন সচেতন মানুষের সাথে। কিন্তু কেউ বলেননি, ‘ঘটনাটি বিবস্ত্রকরণ’ এর। সবার মুখ থেকেই বেরিয়ে এসেছে, ঘটনাটি তুচ্ছ হলেও তা নিয়ে রীতিমতো অতিরঞ্জিত করা হয়েছে। ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, সালিশে মারামারি ও মহিলার বিবস্ত্র হওয়ার কথা শুনেছি। তবে তা এখন ধর্ষণের চেষ্টা হয়ে গেল কিভাবে? এলাকায় দেখা না পেলেও শহরে দেখা হয় ওই গৃহবধূর স্বামী আব্দুল কাদের ও বড়ভাই আজমীর আলীর সাথে। তারা সালিশে গৃহবধূকে মারপিট ও বিবস্ত্রকরণের দাবি করলেও ধর্ষণের চেষ্টার মামলা দায়েরের প্রশ্নে বলেন, ‘মামলার বিষয়ে আমরা অত বুঝিনা। আমরা বলেছি, উকিল সাব লিখেছেন’। তারা উভয়েই স্বীকার করে বলেন, ‘ঘটনা যা হয়েছে, সালিশেই হয়েছে’।
এ ব্যাপারে শেরপুর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ বলেন, চুলোচুলির ঘটনাকে বিবস্ত্রকরণ যেমন দুঃখজনক, ঠিক তেমনি বিবস্ত্রকরনের ঘটনাকে ধর্ষণের চেষ্টা বলাটাও অনভিপ্রেত। তবে ঘটনা যাই হোক, সঠিক ও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারীশ ’শ্যামলবাংলা২৪ডটকম’কে বলেন, ঘটনাটিকে প্রাথমিক পর্যায়ে গ্রাম্য ঘরোয়া সালিশে মারামারি বলেই মনে হচ্ছে। এরপরও তা নিয়ে ধর্ষণের চেষ্টার মামলা হওয়ায় ঘটনার বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।









